জেনে নিন লেবু সতেজ রাখার সঠিক উপায়

জেনে নিন লেবু সতেজ রাখার সঠিক উপায়

ছবিঃ সংগৃহীত।

ভিটামিন সি এর ঘাটতি মেটানো, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কিডনি ও হৃদরোগের ঝুঁকি কমাতে লেবুর জুড়ি মেলা ভার।সঠিক সংরক্ষণ পদ্ধতি না জানা থাকায় অল্পদিনেই লেবু নরম হয়ে যায় ও পচতে শুরু করে। কিছু নির্দিষ্ট নিয়ম মেনে লেবু সতেজ রাখা ও কার্যকারিতা ঠিক রাখা যায় এক মাস পযৃন্ত।

সাধারণত ছত্রাকের সংক্রমণ, অতিরিক্ত আর্দ্রতা এবং বাতাস চলাচলের অভাবে লেবুর খোসায় কালো দাগ পড়ে। লেবু খুব গরম বা খুব ঠান্ডা জায়গাতেও তাড়াতাড়ি নষ্ট হতে পারে। ধুয়ে ভেজা অবস্থায় রেখে দিলে বা বন্ধ পাত্রে রেখে দিলে এই সমস্যা আরও দ্রুত হয়। অনেকে ফ্রিজে পলিথিনে বেঁধে লেবু রেখে দেন। তাতেও একই সমস্যা হতে পারে।

লেবু সংরক্ষণে সবচেয়ে কার্যকর উপায় হতে পারে ফ্রিজ। লেবু আলাদা আলাদা করে কাগজে মুড়ে ফ্রিজের সবজি রাখার তাকে রাখুন। চিপ লক ব্যাগেও রাখতে পারেন। সেই ক্ষেত্রে ব্যাগে ছোট ছিদ্র করে দিলে বাতাস চলাচল করবে। এতে লেবুর গায়ে আর্দ্রতা জমবে না। এভাবে রাখলে লেবু দুই থেকে তিন সপ্তাহ— এমনকি এক মাস পর্যন্ত ভালো থাকতে পারে।

লেবু ঘরের তাপমাত্রাতেও সংরক্ষণ করা সম্ভব। সেই ক্ষেত্রে লেবু ঝুড়িতে রাখুন, যেখানে বাতাস সহজে চলাচল করতে পারে।

রান্নাঘরের খুব গরম জায়গা বা রোদ লাগে এমন জায়গা এড়িয়ে চলুন। এভাবে রাখলে লেবু ৭–১০ দিন পর্যন্ত ভালো থাকে।

বাজার থেকে আনার পর লেবু যদি ভেজা থাকে, তাহলে ভালো করে মুছে শুকিয়ে নিন। প্রয়োজনে খানিকক্ষণ রোদে রেখে শুকিয়ে নিতে পারেন। আর কখনোই ভেজা লেবু সরাসরি ফ্রিজে কিংবা ঝুড়িতে রেখে দেবেন না। এতে খোসার ওপর ছত্রাক জন্মাতে পারে।

লেবু পানিতে ডুবিয়েও ভালো রাখা যায়। একটি কাচের পাত্রে পরিষ্কার পানি নিয়ে তাতে গোটা লেবু ডুবিয়ে ফ্রিজে রেখে দিন। প্রতি ৪–৫ দিন পর পানি বদলান। এতে লেবু শুকাবে না। কালো ছোপ পড়ার সম্ভাবনাও কমবে।

কাটা লেবু সংরক্ষণের ক্ষেত্রেও সতর্কতা দরকার। কাটা অংশে অল্প লবণ বা তেল মাখিয়ে এয়ারটাইট পাত্রে ভরে ফ্রিজে রাখুন। এতে লেবু ২–৩ দিন ভালো থাকে।