নতুন ওয়ার্ডে অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়নে ডিএসসিসির কমিটি
সংগ্রহীত ছবি
নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এ সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করে কমিটি অনুমোদন দেন।
ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানান, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন নবযুক্ত ৮টি ইউনিয়নের মধ্যে নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। গঠিত কমিটি এসব কাজের পরিমাপ যাচাই করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব নির্ধারণসহ প্রয়োজনীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্র জানায়, কমিটির আহ্বায়ক করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএসসিসির অঞ্চল-১০ এর নির্বাহী প্রকৌশলী। এছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে।