ছন্দ হারিয়েছেন সাইফ হাসান, যা বলছেন কোচ

ছন্দ হারিয়েছেন সাইফ হাসান, যা বলছেন কোচ

সংগ্রহীত ছবি

সর্বশেষ এশিয়া কাপ ও পরবর্তী দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সাইফ হাসান ছিলেন দারুণ ছন্দে। জাতীয় দলের হয়ে কাটিয়েছেন স্বপ্নময় সময়। তবে চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে সেই ধারাবাহিকতা এখনও খুঁজে পাননি এই টপঅর্ডার ব্যাটার। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ১১ রান। তবুও সাইফের ওপর আস্থা হারাচ্ছেন না ঢাকার প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড।

শুক্রবার চট্টগ্রামের কাছে ১০ উইকেটে হারের পর টবি বলেন, এশিয়া কাপে আমি সাইফকে খুব কাছ থেকে দেখেছি। জাতীয় দলে সে দুর্দান্ত ফর্মে ছিল। এখানে এখনও নিজেকে মেলে ধরতে পারেনি ঠিকই, কিন্তু আমরা জানি সে কী করতে পারে। ক্রিকেট কখনো কখনো নিষ্ঠুর হয়ে ওঠে। কয়েক মাস আগেই সে বড় মঞ্চে রান করছিল। তার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। দ্রুতই সে রানে ফিরবে বলে আশা করি সে কোয়ালিটি প্লেয়ার।

সাইফের ফর্ম নিয়ে টবি আরও বলেন, ক্রিকেট মানসিকতার খেলা। “কয়েকটা ম্যাচে রান না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। শুধু সাইফ নয়, যেকোনো ব্যাটারের ক্ষেত্রেই এমন হতে পারে। এখানে পিচ কঠিন, সামনে হাই কোয়ালিটি স্পিনার। এমন অবস্থায় ভালো ব্যাটাররাও চাপে পড়ে যায়।

শামীম পাটোয়ারির উদাহরণ টেনে কোচ বলেন, রিস্ক ম্যানেজমেন্টটাই আসল। শামীম দারুণভাবে পিচ বুঝে খেলেছে। সাইফও যেকোনো পিচে ভালো করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিলেই ফিরবে তার রান।