এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধিতে কেরানীগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড

এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধিতে কেরানীগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড

সংগ্রহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পাঁচটি মামলায় পাঁচ ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা, সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ এবং উপজেলা মডেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার নেতৃত্বে কেরানীগঞ্জের ভিন্ন ভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলার একাধিক বাজারে এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে কয়েকজন বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি আরো কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।

 

 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, অবৈধভাবে মজুদকৃত এলপিজি গ্যাস বা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। এ বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে মূল্য বৃদ্ধি বা মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।