মোংলায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও
সংগৃহীত ছবি
মোংলায় পৌষের প্রচণ্ড শীত জেঁকে বসেছে। সোমবার সকাল থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। উপকূলীয় এ জনপদে দিনভর ছিল কুয়াশায় ঢাকা। সেই সাথে বইছে শীতল হাওয়া। ফলে প্রচণ্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে সাগর-সুন্দরবন উপকূলের জনজীবন। এই শীতে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষেরা। আর সেই সকল দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
তিনি নিজেই ছুটে চলেছেন এক এলাকা থেকে অন্য এলাকায়। ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে জড়িয়ে দিলেন কম্বল। এ সকল অসহায় মানুষ নতুন কম্বল পেয়ে খুবই খুশি। কারণ সচরাচর কম্বল মেলেনা তাদের ভাগ্যে। কারণ সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণে জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতিতে বাদ পড়ে যায় ছিন্নমূল মানুষগুলো। ইউএনও নিজেই ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের গায়ে জড়িয়ে ও হাতে তুলে দিলেন শীতবস্ত্র। জনপ্রতিনিধিরাও যদি তার মত ভূমিকা রাখতে পারেন তাহলেই শীত নিবারণের ব্যবস্থা হবে এ সকল অসহায় মানুষের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, পশুর নদীর পাড়ের অসহায় নারী-পুরুষদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এসব মানুষের কেউ নদীতে পোনা ধরে, কেউ মাছ ধরে, কেউ কাঁকড়া ধরে। তা দিয়ে তাদের সংসার চালানোই দায় হয়ে পড়ে। শীতের গরম কাপড় কেনা তাদের পক্ষ কঠিন হয়ে পড়ে। তাই বেছে বেছে অতি দরিদ্র এসব মানুষকে প্রথম ধাপে কম্বল দেয়া হয়েছে। এরপরও ধাপে ধাপে কম্বল বিতরন করা হবে।
সোমবার বিকেলে কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস,এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।