কুড়িগ্রামে বিজিবির উদ্যোগে দুস্থ ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে বিজিবির উদ্যোগে দুস্থ ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংগৃহীত ছবি

কুড়িগ্রাম জেলায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) উপ-শাখা সীপকসের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস প্রাঙ্গণে শীতার্ত, হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-শাখা সীপকস, কুড়িগ্রামের সাধারণ সম্পাদিকা এবং ব্যাটালিয়নের অধিনায়কের পত্নী ফারহানা আফরোজ মৌসুমী। তিনি শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় ব্যাটালিয়নের সুবেদার মেজরের পত্নী দিলরুবা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ফারহানা আফরোজ মৌসুমী বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিজিবি সবসময় থাকবে।’

শীতার্ত হতদরিদ্র ও অসহায় জনসাধারণ কম্বল পেয়ে বিজিবি তথা উপ-শাখা সীপকসের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।