খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যাত্রাবাড়ীতে দোয়া মাহফিল
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর যাত্রাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহীদ ফারুক সড়কে যাত্রাবাড়ী থানা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষ্যে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।
এসময় নবীউল্লাহ নবী বলেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তিনি তার আদর্শ ও চিন্তা-চেতনা রেখে গেছেন।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।