কক্সবাজার-৩ আসনের প্রার্থীদের নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণে নোটিশ

কক্সবাজার-৩ আসনের প্রার্থীদের নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণে নোটিশ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদীয় এলাকা থেকে নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে নোটিশ দেওয়া হয়েছে। একই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান, কক্সবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল কাদের সোমবার (৫ জানুয়ারি) এ নোটিশ প্রদান করেন। 

নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩ সপ্তাহ পূর্বে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। কিন্তু এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের সরেজমিনে পরিদর্শনকালে এ সংসদীয় আসনের কিছু কিছু এলাকায় প্রার্থীদের নির্বাচনি প্রতীক সংবলিত ব্যানার দেখতে পেয়েছেন। যা নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এসব প্রচার সামগ্রী নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া ও আমজনতার দলের প্রার্থী নুরুল আবছারকে নোটিশ দেওয়া হয়েছে। প্রচার সামগ্রী অপসারণে ব্যর্থ হলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি লঙ্ঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রথমবার হওয়ায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নমনীয়তা দেখিয়েছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

নোটিশের কপি বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুরের প্রতিনিধিরা গতকাল সোমবার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম।