খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম কালাপাহাড় এলাকার চারটি গ্রামে বিশুদ্ধ পানির দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর উদ্যোগে একটি পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে পাহাড়ি স্থানীয় বাসিন্দারা এখন নিয়মিত নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।
সোমবার বিকেলে স্থানীয়দের উপস্থিতিতে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষীছড়ি সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এর আগে, ওই এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল পাহাড়ি ঝিরির অপরিশোধিত পানি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নারী ও শিশুদের দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হতো। শুষ্ক মৌসুমে সংকট আরও তীব্র আকার ধারণ করত, বাড়ত পানিবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি।
নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের সময় সেনা সদস্যদের নজরে আসে স্থানীয়দের এ তীব্র পানির সংকট। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে অভিযানের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে সুপেয় পানি সরবরাহ প্রকল্প গ্রহণ করা হয়।
প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে হাতিছড়া পাড়া, ইন্দ্রসিং পাড়া, শুকনাছড়ি ও পাঙ্কু পাড়ার ৩৭৬টি পরিবারের প্রায় ১ হাজার ৭৫০ জন মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।