পাবনায় ৩ মিনি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা

পাবনায় ৩ মিনি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা

প্রতিকি ছবি

পাবনায় তিনটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় জরিমানা করা হয়েছে ৯০ হাজার টাকা এবং দুইটি পাম্পে সিলগালা করা হয়েছে। 

বুধবার দুপুরে সদর ও আটঘরিয়া উপজেলায় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

পাবনা জেলা জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার আরিফপুর এলাকায় বাংলা স্টারের অবৈধ মিনি পেট্রোল এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আটঘরিয়া একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্প ও ফুয়াদ এন্টারপ্রাইজসহ আরও দুটি অবৈধ পাম্পকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুটি পাম্পে সিলগালা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছেন। তারা গ্রাহকের কথা মাথায় না রেখে নিজেরা মুনাফা লভ্যাংশ পাচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।