‘ধানের শীষের বিজয়ে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর হাত শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তার স্ত্রী ফারহানা মাজেদ। ধানের শীষের বিজয়ের জন্য ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলার ৬নং মাইজবাগ ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল শাখা কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে এসব কথা বলেন ফারহানা মাজেদ।
প্রধান অতিথির বক্তব্যে ফারহানা বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
মাজেদ বাবুর সহধর্মিণী ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু আপনারা না, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে বলবেন যেন মাজেদ বাবুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। তাহলে আমাদের ঈশ্বরগঞ্জকে এগিয়ে নিতে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করতে পারবে।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম ও নাজমা আক্তারসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।