নোয়াখালীতে মার্কেটে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার ৩
প্রতিকি ছবি
নোয়াখালীর মাইজদী শহরের একটি সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে সংঘটিত চুরির ঘটনায় আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন।
এর আগে, শনিবার কুমিল্লা জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো. মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার এবং মো. আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’র শাটারের তালা কেটে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২ জানুয়ারি ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই চোরদের শনাক্ত ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভাঙা সড়ক এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের মূলহোতা মোর্শেদ ও তার স্ত্রী শিল্পী আক্তারকে গ্রেফতার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
এ সময় পিচ্চি আলাউদ্দিনের বসতঘর থেকে ৩ ভরি ৫ আনা ২ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বড় দিঘীর পাড় এলাকায় শিল্পীর বাসা তল্লাশি করে আরও ৫ ভরি ১৫ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার এ.টি.এম মোশারফ হোসেন আরও জানান, গ্রেফতারকৃত মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।