আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় বিকাল ৫টা পর্যন্ত শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা সেতুর নিকটে বানিয়াখাড়ি এলাকার আত্রাই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ভিয়াইল ইউপির লক্ষ্মীতলা এলাকায় আত্রাই নদীতে সেতুর পাশে দুইটি মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে অবহিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পড়নে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। ওই দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের মধ্যে একজনের অনুমানিক বয়স ২৪ থেকে ২৫ বছর এবং আরেকজনের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। মরদেহ দুইটির সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য মরদেহ দুইটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ ও বিকাল ৫টা পর্যন্ত মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।