চিরিরবন্দরে দিনে ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

চিরিরবন্দরে দিনে ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

দিনাজপুর–পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দর এলাকায় দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধ ও দায়ী চালকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। উপজেলা প্রশাসনের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার আমেনা–বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীরা ঘুঘুরাতলী মোড়ে সড়ক অবরোধ শুরু করে। এ সময় আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেয়।

অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনাস্থলে যান। সেখানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য, গত সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক্টরের ধাক্কায় আমেনা–বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থী খালিদ মোহাম্মদ নিহত হন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।