বায়ুদূষণে ঢাকাকে ছাড়িয়ে গেছে গাজীপুর
সংগ্রহীত ছবি
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিন ঢাকাকে ছাড়িয়ে পার্শ্ববর্তী শহর গাজীপুরের কাপাসিয়ার বাতাস দেশের সবচেয়ে দূষিত পর্যায়ে রয়েছে। বুধবার বেলা পৌনে ১২টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
দেশের বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৩৮ গুণেরও বেশি রয়েছে। একই সময়ে কাপাসিয়ায় এই সংখ্যা ছাড়িয়েছে ৬০ গুণের বেশি।
আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমন্ডিতে।
৩১৬ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাসের মান দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (২৮৭), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৭৯), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (২৭৪), ইস্টার্ন হাউজিং (২৭১), গোড়ান (২৬১), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৯), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২৪২) ও পীরেরবাগ রেললাইন (২১০) এলাকায়। এসব এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।