রাবির ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ৬৮ জন

রাবির ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ৬৮ জন

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে আসন প্রতি লড়বেন ৬৮ জন ভর্তিচ্ছু। দেশের ছয়টি আঞ্চলিক কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম পরিচালনায় ৩ স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুন্দর পরিবেশে এ কার্যক্রম পরিচালনা হবে বলে তার প্রত্যাশা। জালিয়াতি চক্র কিংবা যেকোনো অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জানা গেছে, এ বছর ‘সি’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল কেন্দ্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ, বি, সি এই তিন ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ১৭টি। মোট আবেদনকারী ২ লাখ ৭২ হাজার। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ১ লক্ষ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন ও ‘সি’ ইউনিটে ১ লক্ষ ২৬ হাজার ২২৫ জন। তিন ইউনিটের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ৬৮ হাজার ৪৯০ জন; ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লক্ষ ১৯ হাজার ১৯ জন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত অন্য দুটো ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন ও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ জন পরীক্ষায় অংশ নেবেন। ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা চলবে। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রতিযোগীদের মেধা যাচাই করা হবে।

কেন্দ্রে প্রবেশের নির্দেশনা জালিয়াতি ঠেকাতে প্রস্তুতি 

ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সঙ্গে কোনো ধরনের ইলেক্ট্রনিক্সের ডিভাইস রাখা যাবে না। উভয় কান উন্মুক্ত রাখতে হবে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা; প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও রোভার স্কাউটস এবং পরীক্ষা কমিটি ও আইসিটি সেন্টার এই তিন স্তর তৎপর থাকবে। অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অর্থের বিনিময়ে ভর্তি কিংবা জালিয়াত চক্র থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এমন চক্রের সন্ধান পেলে তৎক্ষণাৎ প্রক্টর দপ্তর কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগেরও আহ্বান জানানো হয়েছে।