চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। চসিকের সব প্রকৌশলী ও ঠিকাদারদের বলব, কাজের মান নিশ্চিত করা আপনাদের সবার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদেরও উন্নয়নকাজ তদারকিতে সক্রিয় ভূমিকা রাখা দরকার।
বৃহস্পতিবার ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জাম্বুরি মাঠ সংলগ্ন সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মেয়র চলমান কাজের অগ্রগতি ও মান সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চসিক মেয়র বলেন, চট্টগ্রামবাসীর জন্য একটি সুখবর দিতে চাই। নগরীর ৫০টি বড় সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান। পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও অনেকটুকু এগিয়েছি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে এই কাজ বাস্তবায়ন করবে। তাছাড়া, প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আধুনিক ও টেকসই পরিবর্তন আনা হচ্ছে। নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে নতুন সড়ক নির্মাণ এবং পুরাতন সড়কগুলোর সংস্কারের মাধ্যমে চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।
সড়ক সংস্কার প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর প্রতিটি সড়ক পরিকল্পিতভাবে সংস্কার করা হচ্ছে, যাতে দীর্ঘদিন টেকসই থাকে এবং নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে।