পাবনায় বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর একটি বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী মোছা. সুরাইয়া খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী নলুয়া গ্রামের সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুরাইয়া খাতুন পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে সুরাইয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে হারিয়ে তার মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন।
বিভিন্ন জায়গায় খোঁজ করেও সুরাইয়ার সন্ধান না পাওয়ায় তার দাদা আব্দুল জব্বার খান গত ১৬ জানুয়ারি ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রবিবার সকালে স্থানীয়রা জন্তিহার ও পার্শ্ববর্তী নলুয়া গ্রামের সংলগ্ন একটি বিলে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন, নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।