যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রতিকী ছবি

যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মৃত লাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে মাতুয়াইল মেডিক্যাল, মোহাম্মদ নগর জিরো পয়েন্ট নিজেদের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।

চার ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন। 

নিহতের ছোট ভাই মো. ফজলুল হক জানান, তার ভাই একজন ব্যবসায়ী। মীর হাজীরবাগ এলাকায় ব্যাগের দোকান রয়েছে।

তিনি প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মীর হাজীরবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। 

সেখান থেকে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি তার স্বজনদের কাছে দেওয়া হয়েছে।