নোয়াখালীতে অস্ত্রসহ ১৮ মামলার আসামি ‌‌‘ডাকাত সর্দার’ গ্রেফতার

নোয়াখালীতে অস্ত্রসহ ১৮ মামলার আসামি ‌‌‘ডাকাত সর্দার’ গ্রেফতার

সংগৃহীত ছবি

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৮টি মামলার আসামি ও আন্তজেলা ‘ডাকাতদলের সর্দার’ রমিজ এবং তার বাবা আমিনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা ও সুধারাম থানা পুলিশ যৌথভাবে অভযিানে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান পরিচালনা করে আবুল কাশেমের বসতবাড়ি থেকে তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ‘ভূমি দস্যু’ মো. রমিজকে একটি দেশীয় ওয়ানশুটার গান, একটি দোনালা পাইপগান এবং ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। একই স্থান থেকে তার বাবা মো. আমিনুল হককেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সে ওই এলাকার একজন চিহ্নিত ‘শীর্ষ সন্ত্রাসী’ এবং আন্তজেলা ‘ডাকাতচক্রের সর্দার’ হিসেবে পরিচিত। গ্রেফতার রমিজের বাবা আমিনুল হকের বিরুদ্ধেও খুন ও ডাকাতিসহ ৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার ওসি আশরাফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।