চট্টগ্রামের শিরোপার আক্ষেপ ঘোচাতে চান মেহেদী
শেখ মেহেদী
বিপিএলের দুই আসরে ফাইনাল খেলেও শিরোপার দেখা পায়নি চট্টগ্রাম। বন্দর নগরীর দলটার সে আক্ষেপ এবার ঘোচাতে চান শেখ মেহেদী। এদিকে, ফাইনালে প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জেতার লক্ষ্য রাজশাহী ওয়ারিয়র্সের। ফাইনালে নতুন উইকেটের বার্তা থাকায় বড় ইনিংসের প্রত্যাশা রাজশাহী কোচ হান্নান সরকারের।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
বিতর্ক দিয়েই শুরু আর বিতর্ক দিয়েই শেষ হচ্ছে এবারের বিপিএলের আসর। প্রতি আসরে ফাইনালিস্ট দুদলের অধিনায়কদের ট্রফির সঙ্গে ফটোসেশন থাকলেও, এবার সেই প্রেক্ষাপট বদলে দিয়েছে বিসিবি। ফটোসেশনতো দূরে থাক বিপিএলের ট্রফিরই দেখা মিলেনি এবার। এর জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত।
যদিও সেই আলোচনা দূরে ঠেলে দু'দলের মনোযোগ ফাইনালের লড়াই নিয়ে। ফাইনালের আগে মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের সময় দলের সঙ্গে ছিলেন নাজমূল আবেদীন ফাহিম ও মেন্টর হাবিবুল বাশার সুমন। অনুশীলনে বেশ উজ্জীবিত ছিলেন চট্টগ্রামের ক্রিকেটাররা। নেটে বড় বড় শট খেলেছেন মোহাম্মদ হারিস, মাহমুদুল হাসান জয় ও মির্জা বেগ। তবে অনুশীলনের সময় হাতে কিছুটা চোট পান অধিনায়ক শেখ মেহেদী।
বিতর্ক দিয়েই এবারের বিপিএল শুরু করে চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি মালিকানা সমস্যার কারণে মাঝপথে দলের দায়িত্ব নেয় বিসিবি। পরিবর্তন আসে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফেও। যদিও মাঠে তার কোনো প্রভাব পড়তে দেননি ক্রিকেটাররা। তাইতো ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী চট্টগ্রামের অধিনায়ক। এর আগেও বিপিএলে দুইবার শিরোপা কাছে গিয়েও সমর্থকদের হতাশ করেছে চট্টগ্রাম। লক্ষ্য প্রথম শিরোপা ঘরে তোলার।
চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ই চায় শিরোপা জিততে। সবার মধ্যে সে ক্ষুধা আছে। ভালোর অপেক্ষায় আছি। দেখা যাক, কী হয়? সবকিছু মিলিয়ে যে ক্রিকেটটা খেলে আসছি, ফাইনাল পর্যন্ত সেটা হলে ভালো কিছুই হবে।’
মিরপুরে চট্টগ্রাম অনুশীলন করলেও, ফাইনালের আগের দিনটা হোটেলে বিশ্রামে কাটিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ঐচ্ছিক অনুশীলন করেন মুশফিকুর রহিম। টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারলেও, ফাইনালের জন্য যথেষ্ট তৎপর সিনিয়র ক্রিকেটার। এবারের আসরে চট্টগ্রামের বিপক্ষে তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে রাজশাহী। তাই এ ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক শান্ত'র দল। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় রাজশাহী।
দলের ব্যাটার আকবর আলী বলেন, ‘দল গঠনের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল, আমরা চ্যাম্পিয়নের জন্য খেলব। আমরা যেহেতু ফাইনালে এসেছি, দ্বিতীয় আর কোনো চিন্তা নেই। অবশ্যই আমরা ম্যাচটি জেতার জন্য খেলব।’
কাগজে কলমে হট ফেবারিটের তকমা নিয়েই এবারের আসর শুরু করে রাজশাহী। মাঠেও তার প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও, কোয়ালিফায়ারে প্রথম ম্যাচে হোঁচট খায় রাজশাহী। সেই ম্যাচে উইকেট নিয়েও হয়েছে সমালোচনা তবে ফাইনালে ফ্রেশ উইকেট নিয়ে আশাবাদী রাজশাহী কোচ হান্নান সরকার।
তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, নতুন উইকেটে খেলা হবে। আশা করছি স্পোর্টিং উইকেট থাকবে, যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮০-২০০ রানের খেলা হয়।’