মেহেরপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪
সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কুয়ারপাড় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন– জিয়ারুল ইসলাম (৪৫), চঞ্চল আলী (৩৩), জামিরুল ইসলাম (৪০) ও হাসিবুল ইসলাম (৪৮)। তাদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সিহাব আলীর দাদা অবিশ্বাস আলী প্রায় ৪০ বছর আগে ওই ৪ বিঘা জমি আহত ব্যক্তিদের দাদার কাছে বিক্রি করেছিলেন। তবে দীর্ঘদিন পর সম্প্রতি সিহাব আলী ওই জমির মালিকানা দাবি করতে শুরু করেন। দুপুরে সিহাব তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ ওই জমি দখল করতে যান। এ সময় স্থানীয়রা বাধা দিলে সিহাবের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে চঞ্চল আলী ও তার ভাই হাসিবুলসহ চারজন গুরুতর জখম হন। হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে সিহাব আলীর একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া সিহাবের ছোট ভাই প্রবাসী সাহেব আলীর ছেলে সাব্বির আহমেদকে পাশের সহগলপুর গ্রাম থেকে স্থানীয়রা আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের হাতে আটক সাব্বির আহমেদকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।