ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু।। ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক শিক্ষার্থী রহস্যজনকভাবে মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম আরিফুল ইসলাম ইমন (১৮)।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইমন নাটোর জেলার লালপুর থানার জোতদৈবকী গ্রামের বাসিন্দা। তিনি মধু আলীর ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রতিবেশী ও সহপাঠী সূত্রে জানা যায়, শহরের অন্নদা স্কুলসংলগ্ন বাগানবাড়ি এলাকায় সৈয়দ বাহলুলুর রহমানের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার ৪০২ নম্বর কক্ষে ভাড়া থাকতেন ইমন। শনিবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে পাশের কক্ষে থাকা তার বন্ধু ও সহপাঠী ইসমাইল হোসেন (১৮) ইমনের কক্ষে গিয়ে তাকে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাকে বসানোর চেষ্টা করলে তিনি বারবার পড়ে যাচ্ছিলেন। পরে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিরুন্নাহার বেগম বলেন, “ইমন দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল। পরে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে কক্ষে শুয়ে পড়ে। পরবর্তীতে অন্য শিক্ষার্থীদের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইমন একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থী ছিল। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।” তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহত শিক্ষার্থীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।