কুড়িগ্রামের অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ১২টি ঘর ভস্মীভূত
ফাইল ছবি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ওপাড়ে চর গতিয়াসাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চরাঞ্চলের এসব পরিবার। পরিবার-পরিজন নিয়ে তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে হানিফ আলীর একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই হানিফ আলী ও তার তিন পুত্রসহ প্রতিবেশী এরশাদ আলীর পরিবারের টিনের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ আগুনে পুড়ে যায়।
চরাঞ্চল হওয়ায় পর্যাপ্ত পানি ও সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে কাউনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চরবাসীর সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত হানিফ আলী বলেন, কেমন করে বাড়িতে আগুন ধরেছে আমরা কিছুই জানি না। সবকিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছি।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।