জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে : প্রতিমন্ত্রী শাহে আলম
সংগৃহীত ছবি
জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে মীর মুগ্ধ স্কয়ার সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে স্কয়ারের সৌন্দর্য ও মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, মীর মুগ্ধ স্কয়ারের আগের নাম ছিল তারেক রহমান স্কয়ার। এটি শুধু একটি স্থাপনার নাম নয়, জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণআকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রী নিজের নামে স্কয়ার করেননি। মীর মুগ্ধ স্কয়ার নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। বিএনপি সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রতিদিন মানুষ যখন মীর মুগ্ধ স্কয়ারের পাশ দিয়ে যাবে, তখন জুলাইয়ের শহিদ ও আহত যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করবে। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই বীর শহিদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। জুলাইয়ের প্রতিটি শহিদ ও আহত যোদ্ধা আমাদের হৃদয়ের গভীরে চিরদিন বেঁচে থাকবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদেরও সমান মর্যাদায় স্মরণ করব। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে, যেন তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য বুঝতে পারে।’
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহিদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।