মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
সংগৃহীত ছবি
মানবিক গুণাবলিতে অনন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ বি এম ফিরোজের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে মুন্সীগঞ্জ পৌরসভার মিরকাদিম এলাকার তিলার্দি আশ্রয়ণ প্রকল্প মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিভাগের ডা. মিলন সরকার ও গাইনি বিভাগের ডা. নায়না ফারজানা। এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট এ বি এম ফিরোজ ছিলেন একজন প্রকৃত মানবিক মানুষ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তার স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. আবুসাঈদ সোহান, উপদেষ্টা আয়নাল হক স্বপন, মহাসচিব আবু তাহের সীমান্ত, প্রতিষ্ঠাতাদের একজন ফারহানা ফিরোজ ইভা ও কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কে এম সাইদুল, নাসরিন ফিরোজ হলি, অর্থ সচিব মিজানুর রহমান, স্বপ্ননীড় ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুমন লাল এবং ইউনিটি দ্য ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা আদর দে।
এডভোকেট এ বি এম ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।