ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে: মাজেদুল ইসলাম

ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে: মাজেদুল ইসলাম

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ–২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মাজেদুল ইসলাম বলেছেন, ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না। কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সে লক্ষ্যেই কাজ করা হবে।

সোমবার টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ও যশলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মাজেদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা। দীর্ঘদিন ধরে মধ্যস্বত্বভোগী ও অসাধু সিন্ডিকেট কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে। কৃষকদের এই অবস্থা থেকে মুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ এবং আধুনিক কৃষি সুবিধা নিশ্চিত করা হবে।

গণসংযোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।