প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ কর্মী আরিফ মাহমুদ।

সোমবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি দিয়ে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়। আরিফ মাহমুদ ওই এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের আবেদনের পর জেলা ম্যাজিস্ট্রেট আরিফ মাহমুদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। এই সময়ের মধ্যে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় প্রায় দুই মাস আগে আরিফ মাহমুদকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। জানাজা ও দাফন শেষে পরবর্তী সময়ে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।