যশোরে সাড়ে ১০ কেজি রূপাসহ আটক ৪
ছবিঃ সংগৃহীত।
যশোরে সাড়ে ১০ কেজি রূপাসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত রূপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার ভোর ৫টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে তরুণ কুমার রায় (৪৭), একই উপজেলার আলাইপুর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে শিমুল মোড়ল, ভাদিয়ালি গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে শামীম হোসেন এবং যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে আওয়াল হোসেন।
যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই চারজনকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাড়ে দশ কেজি রূপা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত রূপার বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের করে আটক আসামিদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন স্বীকার করেছেন যে তারা ঢাকা থেকে রূপা সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তবে আটককৃতদের একজন এক বোতল বিদেশি মদ নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।