গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, জরিমানা

গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, জরিমানা

ফাইল ছবি

বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে পরিবহনের সময় গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কৃষি বিভাগ। এ ঘটনায় ট্রাকচালককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারবাহী ট্রাকটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট সার গোডাউন থেকে মাঠেরহাট এলাকায় সার নিয়ে যাওয়ার সময় কদমতলী এলাকায় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটি আটক করেন এবং কৃষি অফিসে খবর দেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। পরে কাগজপত্র যাচাই করে অসংগতি পাওয়ায় সারসহ ট্রাকটি জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ট্রাকচালক মিন্টু মণ্ডল গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়া এলাকার বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে।

গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু জানান, জব্দ করা সারের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।