আজ তারেক রহমান উত্তরবঙ্গ যাচ্ছেন
তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহী যাবেন তিনি। দুপুর দেড়টার দিকে তিনি সেখানে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর দেড়টায় রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।
এদিকে আজ বিকেলে এটিম মাঠ, কাজীর মোড়, নওগাঁয় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ায় আলফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়া নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন তারেক রহমান।
রাজশাহী আসছেন আজ : ২২ বছর পর আজ রাজশাহী আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাজশাহীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজশাহী মাদরাসা মাঠে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আজ দুপুরের দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।
বগুড়ায় ব্যাপক প্রস্তুতি : সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ১৯ বছর পর আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়ার মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন ঘিরে জেলাজুড়ে বইছে আনন্দ ও উৎসবের আমেজ।
বগুড়ায় পৌঁছে তারেক রহমান শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর, সাবগ্রামসহ তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। পরে তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক একাধিক পথসভায় বক্তব্য শেষে গাবতলী উপজেলার বাগবাড়ী বাবার জন্মস্থানে যাবেন।
কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশে বগুড়া থেকে রওনা করবেন। আগামীকাল শুক্রবার বিকেল পৌনে ৪টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। আগামী শনিবার সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দরুন চরজানা বাইপাসে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এদিন রাত ৮টায় গুলশানের বাসভবনে তাঁর ফিরে আসার কথা রয়েছে।