বুশেহর বিদ্যুৎ কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে চায় রাশিয়া
ছবিঃ সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে রাশিয়া। গত বছর ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে শত শত রাশিয়ান কাজ করছেন।
যা মস্কো ইরানের জন্য তৈরি করেছিল। রাশিয়া বর্তমানে বুশেহর সাইটে আরও পারমাণবিক স্থাপনা নির্মাণ করছে।
গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা বুশেহরকে লক্ষ্য করে করা হয়নি। ওই সময় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি কর্পোরেশন এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সতর্ক করে দিয়েছিলেন, এই স্থানে হামলা ১৯৮৬ সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মতো বিপর্যয় ডেকে আনতে পারে।
এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে এসে পারমাণবিক অস্ত্র ত্যাগের চুক্তি করতে আহ্বান জানান। অন্যথায় পরবর্তী মার্কিন আক্রমণ আরও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেয়।
লিখাচেভকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আমরা আন্তরিকভাবে আশা করি সংঘাতের পক্ষগুলো এই ভূখণ্ডের (বুশেহর) স্থিতিশীলতা রক্ষায় তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এরপরও প্রতিনিয়ত যুদ্ধের হুঁশিয়ারির পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনে কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকবো।
তবে তেহরান পারমাণবিক অস্ত্র খোঁজার কথা অস্বীকার করে এবং রাশিয়া বলেছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের তেহরানের অধিকারকে সমর্থন করে আসছে।