টেকনাফে পুত্রবধূর দায়ের কোপে শাশুড়ি নিহত
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় নামাজরত অবস্থায় পুত্রবধূর দায়ের কোপে শাশুড়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেনুয়ারাকে (২১) আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাঁচদিন আগে মো. ইদ্রিসের স্ত্রী ছেনুয়ারা বেগমের সঙ্গে তার শাশুড়ির পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম তার বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন।
মো. ইদ্রিস পেশায় একজন জেলে। শুক্রবার বিকাল ৩টার দিকে তিনি মাছ ধরতে সাগরে যান। এ সময় বাড়িতে ছেনুয়ারা বেগম ও তার শাশুড়ি ছিলেন। অভিযোগ অনুযায়ী, নামাজরত অবস্থায় মনোয়ারা বেগমের গলায় দা দিয়ে কোপ দেন ছেনুয়ারা বেগম। এতে তিনি গুরুতর আহত হন।
আহত মনোয়ারা বেগমকে দ্রুত শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছেনুয়ারা বেগমকে আটক করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। ছেনুয়ারা বেগমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।