মোংলা থেকে মাদক-সন্ত্রাস-জমি দখল নির্মূল করা হবে : ফরিদ

মোংলা থেকে মাদক-সন্ত্রাস-জমি দখল নির্মূল করা হবে : ফরিদ

সংগৃহীত ছবি

মোংলায় বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এ জনপদ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চিংড়ি ঘের ও জমি দখল সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। এসব কর্মকাণ্ড এ এলাকার উন্নয়ন ও শান্তির প্রধান প্রতিবন্ধকতা। তাই এগুলো কঠোর হাতে দমন করা হবে। যে কোনো মূল্যে এ জনপদে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, একটি দল সাধারণ মানুষের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করে প্রলোভন দেখাচ্ছে। পাশাপাশি যারা এলাকার বাইরে অবস্থান করছেন, তাদের হয়ে জাল ভোট প্রদানের ষড়যন্ত্র চলছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা ভোটকেন্দ্রে সজাগ থাকবেন এবং কেউ কোনো অপতৎপরতা চালাতে চাইলে তা রুখে দেবেন। আগামী দিনে ধানের শীষ প্রতীকের ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম প্রমুখ।