সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী
ছবি: সংগৃহীত
ইসরায়েলি মডেল ও অভিনেত্রী তাল বারকোভিচ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির নেগেভ অঞ্চলে একটি প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বারকোভিচ লন্ডনে বসবাস করলেও মায়ের জন্মদিন উদযাপন করতে ইসরায়েলে এসেছিলেন। এই দুর্ঘটনায় তাঁর ভাইও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সরোকা মেডিকেল সেন্টারের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে বারকোভিচকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তাল বারকোভিচের জন্ম ইসরায়েলের কিরিয়াত তিবোনে। একজন নৃত্যশিল্পী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি জনপ্রিয় ‘ব্যাত-ডোর ড্যান্স ট্রুপ’-এর সাথে পারফর্ম করেন। ২০০৬ থেকে ২০০৭ সালের দিকে আলোচিত ব্যঙ্গাত্মক গেম শো ‘পাপারাজ্জি’-তে অভিনয় করে জনপ্রিয়তা পান। অভিনয়ে উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান এবং সেখানে আন্তর্জাতিক মডেল হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।
ব্যক্তিগত জীবনে গায়ক এরান জারবিবের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে বারকোভিচ সবসময় আলোচনায় ছিলেন। ২০২০ সালে তিনি এক মার্কিন ব্যবসায়ীকে বিয়ে করেন। যদিও অল্প কিছুদিনের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।