সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারী আটক

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারী আটক

প্রতিকি ছবি

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোর নদী থেকে একটি ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনরক্ষীরা। এ সময় হরিণ শিকারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে তিনটার দিকে নিয়মিত টহলের সময় বনরক্ষীরা ওই ট্রলারটি আটক করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। রবিবার বিকেলে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— বরগুনার তালতলী উপজেলার সকিনা গ্রামের আ. মালেক আকন (৬০) ও আ. কালাম হাওলাদার (৫৫)। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা টহল দিচ্ছিলেন। এ সময় বেতমোর নদীতে একটি সন্দেহজনক ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রলারের পাটাতনে রক্তের চিহ্ন পাওয়া গেছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা রাতের আঁধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।