নারায়ণগঞ্জে বিএনপির ১০ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে বিএনপির ১০ নেতা বহিষ্কার

ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব ও মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না ও আলম এবং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত এসব নেতা দলের নির্দেশনা অমান্য করে বিএনপির আরেক বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।