আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও পাকিস্তানের বিমান হামলা
ছবিঃ সংগৃহীত।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। নিহতদের মধ্যে ১১ শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
বুধবার (১০ জুন) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের খোস্ত, কুন্দার ও পাক্তিকা প্রদেশে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা হামলার দায় স্বীকার করা হয়নি।
এর আগে ফেব্রুয়ারির শেষ দিক থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক মাস ধরে তীব্র সংঘর্ষ চলতে থাকে, যাতে শত শত মানুষ নিহত হয়। ওই সময় আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানও সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে হামলা চালিয়েছিল।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের অভ্যন্তরে প্রাণঘাতী হামলা চালায়। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের গোষ্ঠীটির বিরুদ্ধে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে। টিটিপি আফগান তালেবান থেকে আলাদা সংগঠন হলেও তাদের মিত্র হিসেবে পরিচিত।
অন্যদিকে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান সরকার পাকিস্তানের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সীমান্ত নিরাপত্তা ও জঙ্গি তৎপরতা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।