নড়াইলে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার
শোয়েব মিনা
নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পক্ষে কাজ করার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মো. শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে, গত ২১ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে গত ২৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছয়জনকে বহিষ্কার করা হয়েছিল।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।