লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো শুরু সোমবার
সংগৃহীত
রাজধানীতে সোমবার (২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে দ্বিতীয় ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৬’। এক্সপো চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ মেলা উদ্বোধন করবেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) সভাপতি মো. আবদুর রাজ্জাক এসব তথ্য জানিয়েছেন।
এক্সপো উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান। এছাড়াও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, এফবিসিসিআই, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, দেশি-বিদেশি ক্রেতা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা এতে অংশ নেবেন।
আবদুর রাজ্জাক জানিয়েছেন, এই এক্সপো দেশীয় শিল্পের সক্ষমতা তুলে ধরবে, আমদানি নির্ভরতা কমাবে এবং বৈদেশিক বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করবে।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক সমর্থিত এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের সহযোগিতায় হচ্ছে এ মেলা।
প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা। এতে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সর্বশেষ প্রযুক্তি, যন্ত্রাংশ ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হবে।
লাইট ইঞ্জিনিয়ারিং খাতের গুরুত্ব তুলে ধরে আবদুর রাজ্জাক বলেন, এই খাত কৃষি, টেক্সটাইল, নির্মাণ, বিদ্যুৎ, অটোমোবাইল ও গৃহস্থালি যন্ত্রপাতিসহ বহু শিল্পের জন্য ব্যাকওয়ার্ড লিংকেজ সরবরাহ করছে।