ছাত্রের নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন শিক্ষক

ছাত্রের নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন শিক্ষক

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রের পক্ষে ভোট চেয়ে নির্বাচনের প্রচারণায় নেমেছেন এক শিক্ষক। ১১ দলীয় জোটের মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মাজেদুল ইসলামের শাপলা কলি প্রতিকের পক্ষে তারই শিক্ষাগুরু আবুল খায়ের মিয়া সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের হাসাইল বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর নিকট ভোট চেয়ে প্রচারণায় নামেন। 

১১ দলীয় জোটের শাপলা কলি প্রতিকের প্রার্থী বানারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং ওই সময় আবুল খায়ের মিয়া বানারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। এরপর ২০০২ সালে শিক্ষক আবুল খায়ের মিয়া যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৭ বছরের শিক্ষকতা শেষে ২০০৮ সালে ওই স্কুল থেকেই তিনি অবসর যান। 

ছাত্রের নির্বাচনী প্রচারণায় এসে তিনি বলেন, আজকে আমার খুব আনন্দ লাগছে। ভোটারদের বলব এই দেশে অনেক কিছুই দেখলেন। সাধারণ মানুষ শান্তি পায় নাই। আমি আশা করি, মাজেদুল বিজয়ী হলে মানুষ শান্তি পাবে। বিগত দিনে যারাই ক্ষমতায় ছিল তারা মানুষের ওপর অত্যাচার করত, চাঁদা চাইত, দুর্নীতি করত। এগুলো থেকে মুক্তি পেতে এবং দেশে শান্তি আনতে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।