অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করব: মনিরুল হক

অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করব: মনিরুল হক

সংগৃহীত ছবি

কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ‘আমার স্বপ্ন আমার কুমিল্লা’ শীর্ষক উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মনিরুল হক চৌধুরী বলেন, ‌‌‌‘কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘদিন এই অঞ্চলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি নির্বাচিত হলে কুমিল্লার উন্নয়ন নিয়ে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করব।’

মনিরুল হক বলেন, ‘কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লাকে বিভাগ রূপান্তর করা। অবিলম্বে নোয়াখালী অঞ্চলকে নিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে। আমি সংসদে গেলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখব। একই সঙ্গে ‘দ্রুত কুমিল্লা বিমানবন্দর চালু করাও আমার পরিকল্পনার অংশ অন্যতম’ বলে জানান তিনি।

সিটি করপোরেশন প্রসঙ্গে মনিরুল হক বলেন, প্রতিষ্ঠার ১১ বছর পার হলেও সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি করা হয়নি। আমি নির্বাচিত হলে কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে রূপদান ও সীমানা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছি।

যানজট কুমিল্লা নগরীর বর্তমানে প্রধান সমস্যা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘পুরোনো শহরে সংকীর্ণ রাস্তায় ছোট পরিকল্পনায় যানজট নিরসনে সুদূরপ্রসারী সুবিধা পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে দরকার বৃহৎ পরিকল্পনা। শহরকে বিকেন্দ্রীকরণ করে দক্ষিণে সরকারি প্রতিষ্ঠানগুলো স্থানান্তর করতে হবে। ওই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হলে মানুষও দক্ষিণমুখী হবে। উত্তরে গোমতী পাড় হয়ে উপশহর করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ভিক্টোরিয়া কলেজের আলাদা ক্যাম্পাস স্থাপন করলে শহরে মানুষের চাপ কমবে।’

পয়োনিষ্কাশন নিয়ে তিনি জানান, দখলকৃত খাল উদ্ধার ও খনন, ড্রেন বড় করা ও খনন করা, বড় খালের সঙ্গে সংযোগ করে দিলে জলাবদ্ধতা নিরসন সম্ভব।

মনিরুল হক আরও বলেন, কোটবাড়ি ও লালমাই পাহাড়কে ঘিরে স্যাটেলাইট সিটি ও ইকো ট্যুরিজম হাব বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। 

পরিকল্পনা প্রস্তাব উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ মহানগর ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।