৩ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ আবদুর রহিম (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকার শাহ ফতেহ আলী বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আবদুর রহিমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ও মাদককাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা গেছে, আবদুর রহিম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিবি-গুলশান বিভাগ।