চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় যুবক নিহত
প্রতিকী ছবি
চুয়াডাঙ্গা সদরে যাত্রীবাহী বাসের চাপায় আকিব নামের এক যুবক নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জ বাজার এলাকায় ওষুধ ডেলিভারি দিয়ে ফেরার পথে চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে বৃষ্টির পর সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান। এ সময় চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান। অজ্ঞাত মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বাসের চাপায় একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।