বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

সংগৃহীত ছবি

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর প্রেরণের জন্য আজ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসেবে শুধুমাত্র ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিচারপতি মামনুন রহমান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। ই-মেইলে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সূত্র জানিয়েছে। পরে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত বছর ২ মার্চ তিনি চিকিৎসাজনিত ছুটি নিয়ে সিঙ্গাপুরে যান। এরপর ছুটি বাড়িয়ে নেন ১৯ জুলাই পর্যন্ত। তবে এরপর তার ছুটি বর্ধিতের আবেদন মঞ্জুর করেননি তৎকালীন প্রধান বিচারপতি। 

এজি অফিসের চিঠির বরাতে জানা গেছে, ওই সময় পর্যন্ত তার ২ বছরে সাত মাস ২১ দিন অর্জিত ছুটি পাওনা রয়েছে। সর্বশেষ গত ১৮ জানুয়ারি আরেক চিঠিতে ২০ জানুয়ারি থেকে এক মাসের ছুটি চেয়েছিলেন বিচারপতি মামনুন রহমান। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সেই আবেদন নাকচ করেন।

বিচারপতি মামনুন রহমান হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০০৪ সালের ২৩ আগস্ট নিয়োগ পাওয়ার দুই বছর পর হাইকোর্টে স্থায়ী হন।