সিএসই ও ইউএনজিসিএনবির উদ্যোগে যৌথ কর্মশালা

সিএসই ও ইউএনজিসিএনবির উদ্যোগে যৌথ কর্মশালা

সংগৃহীত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ইউএনজিসিএনবি) যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড এবং বাজারের অখণ্ডতা জোরদার করতে এ উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সিএসই ভবনের কনফারেন্স হলে ‘ইএসজি ও বাজারের অখণ্ডতা এগিয়ে নেওয়া : বাংলাদেশের জন্য সুযোগ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে কর্মশালার সমাপনী পর্বে সিএসই ও ইউএনজিসিএনবির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। দুই বছর মেয়াদি এ এমওইউর আওতায় ইএসজি, করপোরেট গভর্নেন্স, টেকসইতা ও ব্যবসায়িক অখণ্ডতা বিষয়ে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার যৌথভাবে আয়োজন, দায়িত্বশীল ব্যবসা চর্চা প্রসারে সচেতনতা ও অ্যাডভোকেসি কার্যক্রম, পুঁজিবাজার উপযোগী টেকসইতা প্রতিবেদন ও দুর্নীতিবিরোধী নির্দেশিকা প্রণয়নে যৌথ গবেষণা ও প্রকাশনা, এবং সাসটেইনেবিলিটি ডে ও ইন্টেগ্রিটি ডে’র মতো জাতীয় আয়োজনে অংশীদারিত্ব অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মশালায় শিল্পখাতের শীর্ষ নেতৃত্ব, তালিকাভুক্ত কোম্পানি, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন বলে সিএসই’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কর্মশালায় নৈতিক স্বচ্ছতা, টেকসইতা ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার সঙ্গে করপোরেট প্রবৃদ্ধির সমন্বয় সাধনের কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস জামান। তিনি পুঁজিবাজারে জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্টের দশটি নীতি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম শাইফুর রহমান মজুমদার।