সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
ছবিঃ সংগৃহীত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারে জড়িত এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৌচাক বোতল ফ্যাক্টরি রোডে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।
আটক দম্পতি হলেন পটুয়াখালীর নলছিটি থানার সাহেবপাড়া নার্সারি গলির বাসিন্দা মোহাম্মদ মনিরুল ইসলাম (৩৭) ও তার স্ত্রী নুপুর বেগম (৩৫)।
তারা সিদ্ধিরগঞ্জের মৌচাকন এলাকার নাদিম আহমেদের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, মনিরুল ইসলাম পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মোহাম্মদ রাসেল গাজী (৩৮) নামে আরেক ব্যক্তির সঙ্গে যৌথভাবে মাদক ব্যবসা পরিচালনা করতেন। অভিযানকালে রাসেলের বাড়িতে গেলে পুলিশ উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তার স্ত্রী শিউলী বেগমের কাছ থেকে মাদক বিক্রির ৬ লাখ টাকা জব্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছিল। আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক রাসেল গাজীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।