রেসিপি : সুস্বাদু মুলার পুরি

রেসিপি : সুস্বাদু মুলার পুরি

ছবিঃ সংগৃহীত।

ছুটির দিন মানেই একটু ভিন্ন আয়োজন। হালকা নাস্তার প্রস্তুতিতে কোথাও আলু পুরি, কোথাও ডাল পুরির ঘ্রাণ ভেসে আসে।তবে বিকেলের আড্ডায় যদি চাই একটু আলাদা স্বাদ, তাহলে মুলার পুরি হতে পারে দারুণ একটি পছন্দ। ঘরে থাকা সাধারণ উপকরণেই খুব সহজে তৈরি করা যায় এই মুখরোচক পদটি।সহজ প্রস্তুতি আর দারুণ স্বাদের জন্য ছুটির দিনের তালিকায় জায়গা করে নিতে পারে এই রেসিপি।

চা বা কফির সঙ্গে বিকেলের গল্পে পরিবেশন করতে পারেন গরম গরম মুলার পুরি। ছোট-বড় সবাই সহজেই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে মুলার পুরি তৈরি করবেন-

উপকরণ

১. আটা বা ময়দা ১ কাপ

২.সুজি আধা কাপ

৩. সাদা মুলা ১টি (মাঝারি আকার)

৪. আদা কুচি আধা চা চামচ

৫. রসুনকুচি ১ চা চামচ

৬. কাঁচামরিচ মিহি কুচি ৪টি

৭. আজওয়াইন (জোয়ান) আধা চাচামচ

৮. লাল মরিচ গুঁড়া ১ চাচামচ

৯. ধনেপাতা কুচি একমুঠো

১০. লবণ স্বাদমতো

১১. পানি প্রয়োজন অনুযায়ী

১২. তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে তাজা মুলা ভালোভাবে ধুয়ে নিন। এরপর মুলার খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন, যাতে ভেতরের রস ও স্বাদ ঠিক থাকে।

একটি বড় বাটিতে গ্রেট করা মুলা ও কুচানো মুলার পাতা নিন। এর সঙ্গে আদা, রসুন, কাঁচামরিচ, লবণ, হাতের তালুতে হালকা চটকে নেওয়া আজওয়াইন, লাল মরিচ গুঁড়া ও কুচানো ধনেপাতা যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যাতে মসলার স্বাদ সমানভাবে ছড়িয়ে যায়।

এরপর এতে সুজি ও আটা দিন। অল্প অল্প করে পানি যোগ করে মেখে মাঝারি শক্ত একটি ডো তৈরি করুন। ডোর ওপর সামান্য তেল মেখে ঢেকে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। বিশ্রাম দিলে ডো নরম ও মসৃণ হবে।

সময় হলে আবার ডোটি একটু মেখে নিন। হাতে সামান্য তেল মেখে ডো থেকে সমান আকারের লেচি কেটে নিন। বেলন দিয়ে গোল আকারে পুরি বেলে প্রস্তুত করুন।

কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে একে একে পুরিগুলো ছেড়ে দিন। দুপাশ সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে গরম গরম মুলার পুরি টমেটোর চাটনি ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।