তীব্র গরমে পাতে রাখুন আলু দিয়ে শিং মাছের ঝোল
ছবিঃ সংগৃহীত।
তীব্র গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে প্রয়োজন হালকা, সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার।এমন সময় খাদ্যতালিকায় শিং মাছের ঝোল হতে পারে দারুণ একটি পছন্দ।
প্রোটিন, আয়রন ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ শিং মাছ শরীরের শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। কম মসলা ও টাটকা সবজি দিয়ে রান্না করা শিং মাছের ঝোল যেমন সুস্বাদু, তেমনি গরমের দিনে পেটের জন্যও আরামদায়ক। তাই এই মৌসুমে পরিবারের সবার জন্য পাতে রাখতে পারেন স্বাস্থ্যকর ও রুচিবর্ধক শিং মাছের ঝোল। রইলো রেসিপি-
উপকরণ
শিং মাছ ৪-৫টি
আলু ২টি
জিরার গুঁড়া ১ চা চামচ
আদা বাটা আধা চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচগুঁড়া বা চেরা কাঁচা মরিচ স্বাদমতো
সর্ষের তেল পরিমাণমতো
পাঁচফোড়ন আধা চা চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে শিং মাছ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছে অল্প লবণ ও হলুদ মাখিয়ে গরম তেলে হালকা করে ভেজে আলাদা করে রাখুন। একই তেলে আলুর টুকরোগুলোতে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
এরপর কড়াইতে প্রয়োজন হলে আরও একটু তেল যোগ করে পাঁচফোড়নের ফোড়ন দিন। ফোড়নের সুবাস বের হলে জিরা, আদা বাটা, হলুদ গুঁড়া ও মরিচ সামান্য পানির সঙ্গে মিশিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে ভাজা আলু এবং পরিমাণমতো পানি যোগ করুন।
ঝোল ফুটে ওঠার পর আলু নরম হয়ে এলে ভেজে রাখা শিং মাছ কড়াইতে দিয়ে দিন। মাঝারি আঁচে আরও ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। ঝোল পছন্দমতো ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।