লন্ডনে শামীম কোরেশীর সৌজন্য বৈঠক ও মতবিনিময়
সংগৃহীত
যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের বিশিষ্টজনদের অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি সম্মিলনী, মতবিনিময় ও ভোজসভা। জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ও শিক্ষাবিদ শামীম আহমেদ কোরেশীর যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে সম্প্রতি পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সরকারি এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মুজাককির হোসেন আবদুল হক এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মল্লিক শাকুর ওয়াদুদ। মুহাম্মদ তারিফ আহমদ ও কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী।
শামীম আহমেদ কোরেশীর আগমনকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত সৈয়দপুরের কৃতী ছাত্রদের এই মিলনমেলায় বিগত শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন– সৈয়দ নাহাস পাশা, সৈয়দ শাহীন, কামাল কোরেশী, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ মুহাদ্দিস আহমেদ, সৈয়দ আবুল কাশেম, মল্লিক শাকুর ওয়াদুদ, মুজাককির হোসেন আব্দুল হক, মাশূক ইবনে আনিস, মুহাম্মদ তারিফ আহমদ, দিলু নাসের, সৈয়দা রেখা ফারুক, সৈয়দ ফারুক হোসেন চৌধুরী, শাহ আলম কোরেশী, এমদাদ আলী, সৈয়দ সুমন, সৈয়দ জিয়াউল ইসলাম, কামরুল ইসলাম ও রফিকুল হাসান হিরণ প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন– সৈয়দা ফরিদা ইয়াসমিন শিপা, উবায়দা সুলতানা শাহীন, নাজমুন নাহার ওয়াদুদ নাজু, সৈয়দা শোভা কাশেম প্রমুখ।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি বিশিষ্ট ব্যাংকার শামীম আহমেদ কোরেশী তার বক্তব্যে বলেন, ‘আজকের এই আয়োজন আমার জীবনে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। সংক্ষিপ্ত সফরে এসে এই ব্যস্ততম নগরীতে আমার আত্মীয়স্বজন ও সিনিয়র-জুনিয়রদের আন্তরিকতায় আমি অভিভূত।’
উপস্থিত প্রবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা আজ যুক্তরাজ্যে বসবাস করলেও আপনারাই আমাদের গ্রাম তথা এলাকার নতুন প্রজন্মের আইডল। কারণ, আপনাদের মাধ্যমেই আমাদের সমাজ শিক্ষাদীক্ষাসহ সর্বক্ষেত্রে আজ উন্নতি সাধন করছে।’
পরিশেষে সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মরহুম সালেহ আহমেদ রানু, বিশিষ্ট সমাজচিন্তক ফয়জুল হক মনি ও অন্যান্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।